টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, ফিরলেন শাহিন আফ্রিদি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই বাবর-শাহিনদের সামনে।
উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো বলেই মনে করছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। টস জিতে তিনি বলেন, ‘পিচ বেশ ভালো মনে হচ্ছে। আমরা বোর্ডে একটি লড়াকু স্কোর দাঁড় করিয়ে সেটা রক্ষা করতে চাই।’
অন্যদিকে, টস হেরে ফিল্ডিং পেলেও খুব একটা অখুশি নন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, ‘সতেজ পিচ, তাই আশা করছি এখানে রান তাড়া করাটা সুবিধাজনকই হবে।’
সুপার এইটে আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য আক্ষরিক অর্থেই ‘ডু অর ডাই’। কলম্বোয় নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। আজ হারলে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যাবে তাদের। সে তুলনায় ইংল্যান্ড মাঠে নামছে অনেকটাই নির্ভার হয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তাদের শুধু ২ পয়েন্টই এনে দেয়নি, নেট রান রেটও বেশ শক্তিশালী করেছে।
ইংল্যান্ড বধের লক্ষ্যে পাকিস্তান দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। পেস আক্রমণ শক্তিশালী করতে ফাহিম আশরাফকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তবে টানা পঞ্চম ম্যাচের মতো নিজেদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে ইংল্যান্ড।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, সালমান মির্জা এবং উসমান তারিক।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার এবং আদিল রশিদ।